[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

টটেনহ্যাম ছেড়ে ইন্টার মিলানের পথে রোমেরো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ৯:১৮ পিএম

সংগৃহীত ফাইল

আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ভেড়াতে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইতালির ক্লাব ইন্টার মিলান।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির ভিত্তিতে দুই ক্লাবের মধ্যে মৌখিক সমঝোতা হয়েছে।

 

২০২১ সালে আতালান্তা থেকে ধারে টটেনহ্যামে যোগ দেন রোমেরো। পরবর্তীতে স্থায়ী চুক্তিতে লন্ডনের ক্লাবটিতে থেকে যান তিনি। স্পার্সের জার্সিতে ১২৩টি ম্যাচ খেলে ১১টি গোল করেছেন এই বিশ্বকাপজয়ী সেন্টার-ব্যাক।

 

গত মৌসুমে সন হিউং-মিনের বিদায়ের পর দলের অধিনায়কত্ব পান রোমেরো। তবে চলতি গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

 

টটেনহ্যামের প্রধান কোচ রবার্তো ডি জার্বি জানিয়েছেন, রোমেরোর সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তার ভাষায়, রোমেরো একজন পেশাদার ও দায়িত্বশীল খেলোয়াড়, তাই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার প্রাপ্য।

 

রোমেরোকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদও। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ দুই ক্লাবের সঙ্গে কোনো চুক্তি এগোয়নি।

 

এদিকে রোমেরোর সম্ভাব্য বিদায় মাথায় রেখে আগেই রক্ষণভাগে নতুন মুখ যুক্ত করেছে টটেনহ্যাম। ট্রান্সফার উইন্ডোতে ইয়ান পল ফান হেকে ও মার্কোস সেনেসিকে দলে এনে বিকল্প প্রস্তুত রেখেছে ক্লাবটি।

 

যদিও দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে, তবুও ইন্টার মিলানের সঙ্গে রোমেরোর ব্যক্তিগত চুক্তির কিছু বিষয় এখনও চূড়ান্ত হওয়া বাকি। আনুষ্ঠানিকতা শেষ হলেই ইতালির সিরি ‘আ’-এ নতুন অধ্যায় শুরু করবেন এই আর্জেন্টাইন তারকা।

এসআর

সম্পর্কিত খবর