দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর সভাপতির দায়িত্বে আবারও নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন।
শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের অংশ হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্যপদের সমান বা কম হলে সংশ্লিষ্ট প্রার্থীদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়।
সেই বিধান অনুসারেই সভাপতি পদে পুনর্নির্বাচিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন।
২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে সাফের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। সর্বশেষ নির্বাচনের মাধ্যমে টানা পঞ্চমবারের মতো এই আঞ্চলিক ফুটবল সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির কোনো পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না।
তবে গত বছর কলম্বোতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সদস্য দেশগুলোর সম্মতিতে বয়সসীমার ওই বিধান বাতিল করা হয়।
ফলে এবারের নির্বাচনেও অংশ নিতে তার কোনো বাধা ছিল না।
নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বও বেড়েছে। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মালদ্বীপের হুসাইন শাফিউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এসআর