[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে’: ড্রেসিংরুম বিতর্কে ক্ষুব্ধ নেইমার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ৯:৩১ এএম

সংগৃহীত ছবি

মাঠ ও মাঠের বাইরে সমালোচনা আর বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা

 নেইমারের। সম্প্রতি অনুশীলন বাদ দিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরবর্তীতে শাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোসের হয়ে দুই গোল করে তাস-বাটার ভঙ্গি উদযাপনের মাধ্যমে মাঠেই সমালোচকদের জবাব দেন এই ফরোয়ার্ড। তবে ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচের হাফটাইমে ড্রেসিংরুমে তার আচরণ নিয়ে পুনরায় নতুন বিতর্ক ও অভিযোগ উঠে এসেছে।

​ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’-র প্রতিবেদনে দাবি করা হয়, হাফটাইমে ড্রেসিংরুমে দলের তরুণ সতীর্থদের ওপর ক্ষোভ ঝাড়েন নেইমার। তিনি তরুণ খেলোয়াড় গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে ‘বোকা’ বলেন এবং আগামী মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শাপেকোয়েন্সের হয়ে খেলার পরামর্শ দেন। এছাড়া ৬২তম মিনিটে আত্মঘাতী গোল করা মিডফিল্ডার জোয়াও আনানিয়াসের কৌশলগত দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, যা উপস্থিত খেলোয়াড়, কোচিং স্টাফ ও পরিচালনা পর্ষদের সদস্যদের অসন্তুষ্ট করে।

​এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নেইমার এই খবরকে ‘বিদ্বেষপূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দেন। তিনি স্পষ্ট করেন, ড্রেসিংরুমে কোনো নির্দিষ্ট তরুণ খেলোয়াড়কে নয়, বরং পুরো দলকে উদ্দেশ্য করেই কথা বলা হয়েছিল। তার মতে, জয়ের মানসিকতা থেকে লুকাস, আরাও, গাবি ও ব্রাজাওসহ সবাই দলে কথা বলেছেন এবং তিরস্কার করেছেন, যা ফুটবলে অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়।

​গণমাধ্যমের অপপ্রচারে চরম ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেন, ‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে। এখন থেকে ইন্টারনেটে ছড়ানো এসব অসত্য আমি আর মেনে নেব না। যারা এসব বিদ্বেষপূর্ণ প্রতিবেদন তৈরি করে, তারা ফুটবল বোঝে না এবং কখনোই কোনো দলের অংশ ছিল না।’

​উল্লেখ্য, উক্ত ম্যাচের ৩৬তম মিনিটে গোল করে সমালোচকদের উদ্দেশে পোকার খেলার ভঙ্গি ও কর্নার ফ্ল্যাগ গলফ ক্লাবের মতো ঘুরিয়ে নাটকীয় উদযাপন করেন নেইমার। পরবর্তীতে প্রতিপক্ষ দলের দুই খেলোয়াড়কে ধাক্কা দিয়ে হলুদ কার্ড পাওয়ায় পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

এসআর

সম্পর্কিত খবর