পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে নেপালকে ৩১-২৩ পয়েন্টে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ম্যাচসেরা খাদিজার দুর্দান্ত পারফরম্যান্সে এখন চতুর্থ ম্যাচেই সিরিজ জয়ের হাতছানি লাল-সবুজের মেয়েদের।
মঙ্গলবার ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে গুরুত্বপূর্ণ সময়ে সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ।
প্রথমার্ধেই ম্যাচের ভিত গড়ে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী খেলতে থাকে লাল-সবুজের মেয়েরা। দ্রুত পয়েন্ট তুলে নেওয়ার পাশাপাশি রক্ষণভাগেও ছিল দৃঢ়তা। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় নেপালকে প্রথমবারের মতো অলআউট করে বাংলাদেশ। এতে এক লাফে ১৭-১০ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে সহজে হার মানেনি নেপাল। একটি সফল সুপার রেইড থেকে একসঙ্গে তিন পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান কমিয়ে আনে তারা। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ১৭-১৩ পয়েন্টের লিড নিয়ে।
বিরতির পর নেপাল ব্যবধান কমানোর চেষ্টা চালালেও বাংলাদেশের খেলোয়াড়রা ঠাণ্ডা মাথায় ম্যাচ নিয়ন্ত্রণে রাখেন। আক্রমণে ধারাবাহিকতা ও রক্ষণে শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্সে প্রতিপক্ষকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি স্বাগতিকরা।
শেষ পর্যন্ত ৩১-২৩ পয়েন্টের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।
খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন।
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরে নেপাল। তৃতীয় ম্যাচ জিতে আবারও সিরিজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল স্বাগতিকরা।
এখন চতুর্থ ম্যাচেই সিরিজ নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের সামনে। আগামীকাল (বুধবার) বিকেল ৪টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচ। জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ নারী কাবাডি দল।
এসআর