ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে প্রথমবার অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে মুস্তাফিজের দল বার্মিংহাম ফিনিক্স জানায়, ইনজুরির কারণে তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে কে দলে যোগ দেবেন, সেটি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান মুস্তাফিজ। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সুস্থ হতে তার প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, নির্ধারিত সময়ে তিনি ইংল্যান্ডে গিয়ে দলের মেডিকেল ও ফিটনেস মূল্যায়নে অংশ নেবেন। পরে বিসিবি ও বার্মিংহাম ফিনিক্সের মেডিকেল টিম যৌথভাবে সিদ্ধান্ত নেয়, বাংলাদেশেই তার ফিটনেস পরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেই পরীক্ষা হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে তার নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে মুস্তাফিজ কেবল সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। সামনে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও, লাল বলের দলে তিনি না থাকায় তার এই অনুপস্থিতি জাতীয় দলের পরিকল্পনায় তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলছে না।
এসআর