[email protected] শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ২:২৪ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর আবারও ক্লাব ফুটবলে মনোযোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত থাকলেও সান্তোসের হয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন তিনি।

দীর্ঘ বিরতির পর ক্লাবের অনুশীলন কেন্দ্রে ফিরেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

তবে অনুশীলনের প্রথম দিনে মাঠে বল নিয়ে কাজ করেননি নেইমার। জিমে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন পরীক্ষায় অংশ নেন তিনি।

তার ফিরে আসা সান্তোস শিবিরে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ব্রাজিলিয়ান লিগে সর্বশেষ ম্যাচে বোটাফোগোর কাছে ২-১ গোলে হেরেছে সান্তোস।

এক পর্যায়ে সমতায় ফিরলেও শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয় বরণ করতে হয় দলটিকে। ফলে পয়েন্ট তালিকায় এখনও চাপে রয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

এমন পরিস্থিতিতে নেইমারের অনুশীলনে ফেরা সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। যদিও তিনি এখনও পূর্ণমাত্রার মাঠের অনুশীলনে যোগ দেননি, তবে ধাপে ধাপে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার কাজ শুরু করেছেন।

নেইমার সর্বশেষ গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের হয়ে খেলেছিলেন।

এরপর জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য ক্লাবের বাইরে ছিলেন। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচে অংশ নিয়ে একটি গোলও করেন তিনি।

বর্তমানে সান্তোসের সঙ্গে মৌসুম শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ এই তারকা ফরোয়ার্ড জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মর্যাদা ধরে রেখেছেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ জুলাই শাপেকোয়েনসের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে নেইমারকে।

এসআর

সম্পর্কিত খবর