বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে না পারায় এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড।
এই ম্যাচটি ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বিশ্বকাপে এটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।
তার নেতৃত্বে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, ২০২২ সালে খেলেছিল ফাইনাল এবং টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার কৃতিত্বও অর্জন করে দলটি।
তাই জয় দিয়ে কোচকে বিদায় জানাতে চাইবে ফরাসি ফুটবলাররা।
অন্যদিকে, ম্যাচটি কিলিয়ান এমবাপ্পের জন্যও গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত অর্জনের দিক থেকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের সুযোগ রয়েছে তার সামনে।
বর্তমানে টুর্নামেন্টে এমবাপ্পে ও লিওনেল মেসি—দুজনেরই গোলসংখ্যা ৮। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের অ্যাসিস্ট ৪টি, যেখানে এমবাপ্পের রয়েছে ৩টি।
ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারলে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে ফরাসি এই ফরোয়ার্ডের।
এসআর