[email protected] বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ২:০১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও নতুন দায়িত্ব পেয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে।

স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে বুধবার (১৫ জুলাই) বিষয়টি জানানো হয়।

আইসিসি বোর্ডের অনুমোদনে গঠিত এই কমিটি বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সম্প্রসারণ, পরিচালনা এবং নীতিগত বিভিন্ন বিষয়ে পরামর্শ ও তদারকির দায়িত্ব পালন করবে।

তামিমের নেতৃত্বাধীন কমিটিতে আরও রয়েছেন ক্রিকেট নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড গোল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

তবে কমিটির দায়িত্বের পরিধি, মেয়াদ কিংবা প্রথম বৈঠকের সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইসিসি।

এদিকে, বিসিবির সভাপতি হিসেবে তামিম ইকবালকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক (ফুল মেম্বার ডিরেক্টর) হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

এর ফলে আইসিসির নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

একই বৈঠকে আইসিসি একটি গভর্ন্যান্স রিভিউ কমিটিও গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন ভারতের দেবজিৎ সাইকিয়া।

সদস্য হিসেবে রয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ।

বার্ষিক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আর্থিক সহায়তার জন্য ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে আইসিসি বোর্ড।

এসআর

সম্পর্কিত খবর