ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অর্জন যোগ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ৫০তম জয়ের দেখা পেয়েছে আলবিসেলেস্তেরা।
এর মধ্য দিয়ে ব্রাজিল ও জার্মানির পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে অন্তত ৫০টি ম্যাচ জয়ের কীর্তি গড়ল দক্ষিণ আমেরিকার দলটি।
চলমান ২৩তম বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই জয় তুলে নেয় আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে দীর্ঘদিনের ধারাবাহিক সাফল্যের আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এই অর্জনকে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এখনো ব্রাজিলের দখলে। ২৩টি আসরে অংশ নিয়ে ১১৭ ম্যাচে ৭৮টি জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের ঝুলিতে রয়েছে ২০টি ড্র ও ১৯টি হার।
দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ২১টি বিশ্বকাপে ১১৫ ম্যাচ খেলে জয় পেয়েছে ৭০টিতে। এছাড়া ২১টি ম্যাচ ড্র এবং ২৪টিতে পরাজিত হয়েছে তারা।
আর্জেন্টিনা এখন পর্যন্ত ১৯টি বিশ্বকাপে অংশ নিয়ে ৯১ ম্যাচ খেলেছে। এর মধ্যে ৫০টি জয়, ১৭টি ড্র এবং ২৪টি হার রয়েছে তাদের নামের পাশে।
এই সাফল্যের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে লিওনেল মেসিদের দল।
বিশ্বকাপে সর্বাধিক জয় পাওয়া দলের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইতালি।
চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৮টি আসরে ৮৩ ম্যাচ খেলে ৪৫টি জয় পেয়েছে।
অন্যদিকে ১৭টি বিশ্বকাপে অংশ নেওয়া ফ্রান্স ৭৬ ম্যাচে ৪২টি জয় নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে।
এসআর