চলমান ফুটবল বিশ্বকাপে নজির গড়েছে আফ্রিকার দেশগুলো। এবার প্রথমবারের মতো মহাদেশটির ৯টি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকার জন্য সর্বোচ্চ।
নকআউটে জায়গা পাওয়া আফ্রিকার দলগুলো হলো—মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো ও আলজেরিয়া।
এর আগে কোনো বিশ্বকাপে একসঙ্গে এতগুলো আফ্রিকান দল শেষ ষোল বা নকআউট পর্বে উঠতে পারেনি। অতীতের আসরগুলোতে সর্বোচ্চ ছয়টি আফ্রিকান দেশ নকআউটে খেলার সুযোগ পেয়েছিল।
২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে মহাদেশটির দুটি করে দল নকআউটে উঠেছিল।
২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারও দলটি দারুণ ছন্দে রয়েছে।
গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। একইভাবে কঙ্গোর নকআউট পর্বে ওঠাও টুর্নামেন্টের অন্যতম বড় বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে।
শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।
অন্যদিকে আলজেরিয়া নাটকীয়ভাবে নকআউট নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়াদ মাহরেজের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেয় উত্তর আফ্রিকার দেশটি।
এসআর