গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান দখল করে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা, যার ফলে ফাইনাল পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাব্য প্রতিপক্ষ ও
ম্যাচের সূচি এখন পুরোপুরি স্পষ্ট। আগামী ৩ জুলাই, শুক্রবার মায়ামিতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে চমক দেখানো কেপ ভার্দের, যারা গ্রুপ ‘এইচ’-এ স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে দ্বিতীয় হয়ে সবাইকে চমকে দিয়েছে।
এই বাধা পার হতে পারলে ৭ জুলাই, মঙ্গলবার আটলান্টায় রাউন্ড অব ১৬-এর ম্যাচে লিওনেল মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া বা মিশর; যেখানে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করলে কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর ২-১ গোলের জয়ের স্মৃতি আবার ফিরে আসবে। এরপর ১১ জুলাই, শনিবার কানসাস সিটিতে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পড়তে পারে গ্রুপ ‘কে’-র শীর্ষে থাকা কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড।
সেমিফাইনালের মঞ্চে লড়াই আরও কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ১৫ জুলাই, বুধবার আটলান্টায় তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল কিংবা শক্তিশালী ইংল্যান্ড। আর সমস্ত বাধা পেরিয়ে ১৯ জুলাই, রোববার নিউ জার্সির স্বপ্নের ফাইনালে পা রাখলে ব্র্যাকেটের অন্য প্রান্ত থেকে লিওনেল স্কালোনির শিষ্যদের মুখোমুখি হতে পারে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি অথবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
এসআর