লিওনেল মেসিকে বিশ্রামে রেখে জর্ডানের বিপক্ষে বেঞ্চ পরীক্ষার ম্যাচে প্রথমার্ধেই ২–০ গোলের
লিড নিয়েছে আর্জেন্টিনা। 'জে' গ্রুপের শেষ এই ম্যাচে বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচের একাদশের দুজন বাদে পুরো দলই বদলে ফেলেছেন। মেসিহীন এই নতুন একাদশ নিয়েই প্রথমার্ধে একপেশে আধিপত্য বজায় রাখে আলবিসেলেস্তেরা। ১৯ মিনিটে জিওভান্নি লো সেলসো এবং ৩০ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে বিরতিতে যাওয়ার আগেই দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যায় দল।
চলতি আসরে আর্জেন্টিনার আগের পাঁচটি গোলই এসেছিল আসরের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির পা থেকে। ফলে আজকের ম্যাচে মেসিকে ছাড়া কারা গোল করবেন, সেই কৌতুহলের জবাব মাঠেই দিয়েছেন লো সেলসো ও লাউতারো।
ম্যাচের ১৯ মিনিটে বক্সের ঠিক সামনে জর্ডানের আবু তাহা লো সেলসোকে ফাউল করলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। বাঁ পায়ের নিখুঁত ও বাঁকানো শটে জর্ডানের মানব দেয়াল ফাঁকি দিয়ে গোলবার ঘেঁষে বল জালে জড়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার। জর্ডান গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
এরপর ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। নিকোলাস তালিয়াফিকোর লো ক্রস থেকে লাউতারোর নেওয়া শট প্রথমে জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা চমৎকারভাবে ঠেকিয়ে দেন। ফিরতি বলে হুলিয়ান আলভারেজ হেড করতে গেলে জর্ডানের ডিফেন্ডার এহসান হাদ্দাদ তাকে বুট দিয়ে আঘাত করেন।
যদিও আলভারেজের হেডটি গোলরক্ষক কর্নারের বিনিময়ে বাঁচিয়েছিলেন, কিন্তু সতীর্থের ফাউলের কারণে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে ঠাণ্ডা মাথার শটে আসরে নিজের প্রথম গোলটি করেন লাউতারো। প্রথমার্ধে ৭২ শতাংশ বল দখলে রেখে আর্জেন্টিনার নেওয়া ৪টি শটের দুটি গোল হলেও, জর্ডানের ৩টি শটের একটিও গোলের লক্ষ্যে ছিল না।
এসআর