[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

মুসলিম ফুটবলারদের জন্য ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের ব্যাকড্রপে পরিবর্তন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ৭:৩৭ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 'প্লেয়ার অব দ্য ম্যাচ' বা ম্যাচ

 সেরার পুরস্কার প্রদানের নিয়মে বিশেষ পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ হওয়ায় মুসলিম ফুটবলাররা যখন ম্যাচ সেরা নির্বাচিত হচ্ছেন, তখন পুরস্কার প্রদান অনুষ্ঠানের ব্যাকড্রপ ও ট্রফি থেকে স্পন্সর থাকা মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ও লোগো সরিয়ে ফেলা হচ্ছে।

​এবারের বিশ্বকাপে অনলাইনে সমর্থকদের ভোটে ম্যাচ সেরা নির্বাচন করা হচ্ছে, যেখানে ফিফাকে সহায়তা করছে 'মাইকেল আলট্রা' নামের একটি ব্র্যান্ড। সাধারণত পুরস্কার নেওয়ার সময় ফুটবলাররা স্পন্সরের নাম সংবলিত ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন এবং ট্রফিতেও স্পন্সরের নাম থাকে। তবে নতুন নিয়মে কোনো মুসলিম ফুটবলার ম্যাচ সেরা হলে সেই মদ প্রস্তুতকারী কোম্পানির নামের পরিবর্তে ব্যাকড্রপে শুধু লেখা থাকছে 'Superior player of the match' এবং এর সাথে থাকছে ফিফা বিশ্বকাপের লোগো। ট্রফির নকশা অপরিবর্তিত থাকলেও সেখান থেকে মদের ব্র্যান্ডের নাম বাদ দেওয়া হচ্ছে।

​ইতোমধ্যে কানাডার ইসমাইল কোনে, কাতারের মাহমুদ আবুনাদা এবং মরক্কো বংশোদ্ভূত ইসমাইল সাইবারিদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা হয়েছে।

​অতীতে ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ সেরা হয়েও স্পন্সরটি মদ প্রস্তুতকারক হওয়ায় পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন মিশরের গোলকিপার মোহাম্মদ আল শেনাওই। এছাড়া ২০২২ বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পেও ম্যাচ সেরা হওয়ার পর মদের ব্র্যান্ডের লোগো হাত দিয়ে ঢেকে ছবি তুলেছিলেন, কারণ তিনি মদ বা জুয়া সংস্থার কোনো বিজ্ঞাপন প্রচার করতে চাননি।

​বর্তমানে ঘরোয়া ফুটবল, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে উদযাপনের সময় শ্যাম্পেনের বদলে নন-অ্যালকোহলিক শ্যাম্পেন ব্যবহারের রীতি চালু হয়েছে। ফুটবলারদের ধর্মীয় ও ব্যক্তিগত মূল্যবোধকে সম্মান জানাতে ফিফার নেওয়া এই সাম্প্রতিক সিদ্ধান্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর