২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব জমে উঠতে শুরু করেছে। আর সবকিছু পরিকল্পনামতো এগোলে ফাইনালের আগেই সেমিফাইনালে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
গ্রুপ পর্ব শেষে দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে।
ফলে নকআউটের প্রতিটি ম্যাচে জয় ধরে রাখতে পারলে সেমিফাইনালে তাদের দেখা হওয়ার সুযোগ তৈরি হবে। সম্ভাব্য সেই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিল শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে তারা নকআউটে ওঠে। আগামী ২৯ জুন শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ জাপান।
অন্যদিকে, আর্জেন্টিনা এখনও গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলবে। তবে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় তারা ইতোমধ্যে গ্রুপ 'জে'র শীর্ষস্থান নিশ্চিত করেছে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান।
শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী হবে 'এইচ' গ্রুপের রানার্সআপ দল। সেই অবস্থান নিশ্চিত করতে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচগুলোর ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নকআউটের প্রথম ধাপ পেরোতে পারলে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া কিংবা বেলজিয়ামের মতো দলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল হওয়ায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি বহুল প্রতীক্ষিত লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে।
ব্রাজিলের পথও সহজ নয়। জাপানকে হারানোর পর শেষ ষোলোতে নরওয়ে, ফ্রান্স কিংবা অন্য কোনো শক্তিশালী দলের মুখোমুখি হতে হতে পারে। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড।
সব বাধা পেরিয়ে যদি দুই লাতিন আমেরিকান পরাশক্তি সেমিফাইনালে পৌঁছে যায়, তবে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা এখন পর্যন্ত চারবার একে অপরের মুখোমুখি হয়েছে।
এর মধ্যে ব্রাজিল জিতেছে দুটি ম্যাচ, আর্জেন্টিনা একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
সর্বশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
এসআর