[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

জার্মানিকে হারানোর আনন্দে ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ৫:৪০ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপনে সারা দেশে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে ইকুয়েডর সরকার।

শুক্রবার দেওয়া এ ঘোষণার মাধ্যমে দেশের মানুষের সঙ্গে দলের সাফল্য উদযাপনের সিদ্ধান্ত নেয় সরকার।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় জার্মানি।

ম্যাচের দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে লিড নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা।

মাত্র পাঁচ মিনিট পর নিলসন আঙ্গুলো সমতা ফেরান ইকুয়েডরের হয়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি একটি পেনাল্টি পেলেও ভিএআর পর্যালোচনার পর সেটি বাতিল করা হয়।

আক্রমণ গড়ে ওঠার সময় ফাউলের প্রমাণ পাওয়ায় রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

এরপর ম্যাচের ৭৭তম মিনিটে গঞ্জালো প্লাতার দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর, যা শেষ পর্যন্ত জয়সূচক গোল হিসেবে থেকে যায়।

এই জয়ের ফলে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ইকুয়েডর।

ঐতিহাসিক এই সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া দেশজুড়ে সরকারি ও বেসরকারি খাতে একদিনের ছুটি ঘোষণা করেন।

সরকারের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জার্মানির বিপক্ষে এই জয় দেশের ফুটবল ইতিহাসে বিশেষ একটি অর্জন।

তাই জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক হয়ে ওঠা এই মুহূর্ত উদযাপনের সুযোগ করে দিতেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করেন প্রেসিডেন্ট নোবোয়া।

জয় নিশ্চিত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রশংসা করে বলেন, নানা সমালোচনা ও প্রতিকূলতা পেরিয়ে তারা গোটা জাতিকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর