[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

ভিনির গোল সিদ্ধান্তে ফিফাতে অভিযোগ ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ৫:৩১ পিএম

সংগৃহীত ছবি

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোলকে কেন্দ্র করে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

এ বিষয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছে তারা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযোগপত্রে সিবিএফ দাবি করেছে যে, একই ধরনের দুটি ঘটনায় ভিএআর ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে।

উদাহরণ হিসেবে তারা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে লিওনেল মেসির গোলের আগের একটি মুহূর্তের কথা উল্লেখ করেছে।

মায়ামিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে প্রথমার্ধের ২৪ মিনিটে তার করা আরেকটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল ঘোষণা করা হয়।

ঘটনার সময় স্কটল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় জ্যাক হেনড্রির কাছ থেকে বল দখল করে জালে পাঠান ভিনিসিয়ুস।

পরে ভিডিও রিপ্লে দেখে ম্যাচ পরিচালনাকারী রেফারি সিজার রামোস সিদ্ধান্ত দেন, বল দখলের সময় ভিনিসিয়ুস প্রতিপক্ষের ওপর ফাউল করেছিলেন। সেই কারণেই গোলটি অনুমোদন দেওয়া হয়নি।

যদিও ম্যাচে ব্রাজিলের জয়ে কোনো প্রভাব পড়েনি, তবুও সিবিএফের মতে ভিএআরের সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতার অভাব রয়েছে।

তাদের দাবি, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের একটি চ্যালেঞ্জ থেকেও আক্রমণের সূচনা হয়েছিল, কিন্তু সেখানে ফাউল ধরা হয়নি এবং সেই আক্রমণ থেকেই মেসির গোলটি বৈধ হিসেবে স্বীকৃতি পায়।

এ ধরনের ভিন্ন সিদ্ধান্ত খেলোয়াড়, কোচ ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলে মনে করছে ব্রাজিল।

তাই ভবিষ্যতে ভিএআরের ব্যবহার আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও একই মানদণ্ডে পরিচালনার আহ্বান জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

এসআর

সম্পর্কিত খবর