নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৫টি জাল জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার আচড়াখালী, ভূষণগাছা এবং মৎস্য অভয়াশ্রমের আশপাশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন।
অভিযানকালে বিভিন্ন জলাশয় ও আশপাশের এলাকা থেকে মাছ শিকারে ব্যবহৃত ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে জেলা সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ) মো. সুজন আহম্মেদ, নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্য সম্পদের সুরক্ষা, প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি মৎস্য আইন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা ভবিষ্যতেও জোরদার করা হবে।
এসআর