দীর্ঘ এক যুগের হতাশা কাটিয়ে আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি।
আইভরি কোস্টের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে ২-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের ম্যাচে শুরুটা জার্মানির জন্য মোটেও সুখকর ছিল না।
প্রথমার্ধে প্রতিপক্ষের চাপে পিছিয়ে পড়ে ইউলিয়ান নাগেলসম্যানের দল। ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট।
এর আগে জার্মানির কয়েকটি আক্রমণ গোলের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত সেগুলো কাজে লাগেনি। ফলে বিরতিতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় ডাই মানশাফটদের।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা দেনিজ উন্দাভ। ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান তিনি।
গোলের পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় জার্মানি।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও নায়ক হয়ে ওঠেন উন্দাভ।
ফেলিক্স নমেচার পাস ধরে দারুণ ফিনিশে জয়সূচক গোলটি করেন তিনি। শেষ মুহূর্তের এই গোলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা জার্মান সমর্থকেরা।
এই জয়ের ফলে ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে পৌঁছেছে জার্মানি।
এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি দলটি।
একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের গোলসংখ্যাও আরও সমৃদ্ধ করেছে জার্মানি। দলটির এই প্রত্যাবর্তন নতুন করে শিরোপা স্বপ্নও উসকে দিয়েছে সমর্থকদের মধ্যে।
অন্যদিকে হারলেও নকআউটের আশা পুরোপুরি শেষ হয়নি আইভরি কোস্টের।
শেষ ম্যাচে জয় পেলে পরের পর্বে ওঠার সম্ভাবনা এখনও টিকে থাকবে তাদের সামনে।
এসআর