[email protected] রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

জাপানের দাপুটে জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল তিউনিসিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬ ২:০৩ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে জাপান। আক্রমণভাগের ঝলক দেখিয়ে তিউনিসিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এশিয়ার দলটি।

টানা দ্বিতীয় পরাজয়ে তিউনিসিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে।

মেক্সিকোর স্টাডিও স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে জাপান। বল দখল ও আক্রমণে প্রতিপক্ষের তুলনায় স্পষ্ট আধিপত্য দেখায় তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই দাইচি কামাডার গোলে এগিয়ে যায় জাপান। নাকামুরার পাস কাজে লাগিয়ে সহজ ফিনিশে দলকে লিড এনে দেন তিনি।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি জাপান।

একের পর এক সুযোগ তৈরি করে তারা। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা।

ইতাকুরার পাস পেয়ে বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রাখে জাপান। ম্যাচের ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর দূরপাল্লার জোরালো শটে আসে দলের তৃতীয় গোল। এরপর নির্ধারিত সময়ের সাত মিনিট আগে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করে তিউনিসিয়ার শেষ আশা নিভিয়ে দেন উয়েদা।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।

এই জয়ের ফলে ‘এফ’ গ্রুপে শক্ত অবস্থানে রয়েছে জাপান। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে নেদারল্যান্ডস। জাপান রয়েছে দ্বিতীয় স্থানে, আর তৃতীয় অবস্থানে আছে সুইডেন।

এসআর

সম্পর্কিত খবর