[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসন ফের দখলে নিল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ৪:০৩ পিএম

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর দীর্ঘদিনের এই রেকর্ড নিজেদের দখলে ফিরিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের মোট গোলসংখ্যা ছিল ২৩৭, আর জার্মানির ২৩২।

তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় ব্রাজিলের সংগ্রহ দাঁড়ায় ২৩৮-এ।

একই সময়ে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় তুলে নিয়ে জার্মানি তাদের গোলসংখ্যা বাড়িয়ে ২৩৯-এ নিয়ে যায় এবং ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় শীর্ষে উঠে আসে।

কিন্তু সেই অবস্থান বেশিদিন ধরে রাখতে পারেনি জার্মানরা। পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতির জালে তিনবার বল পাঠিয়ে ব্রাজিল তাদের মোট গোলসংখ্যা ২৪১-এ উন্নীত করেছে।

ফলে জার্মানিকে পেছনে ফেলে আবারও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা ফিরে পেয়েছে সেলেসাওরা।

হাইতির বিপক্ষে জয়ে ব্রাজিলের আক্রমণভাগ ছিল দারুণ ছন্দে। ম্যাচে ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিউস জুনিয়রের পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে।

তাদের নেতৃত্বেই সহজ জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।

এই জয়ের ফলে শুধু রেকর্ড পুনর্দখলই নয়, ‘সি’ গ্রুপের শীর্ষস্থানও নিজেদের করে নিয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলেছে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে জার্মানির পরবর্তী প্রতিপক্ষ আইভরি কোস্ট।

বিশ্বকাপ ইতিহাসে গোলসংখ্যার বিচারে ব্রাজিল ও জার্মানির ধারেকাছেও নেই অন্য কোনো দল।

তালিকার তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার মোট গোলসংখ্যা ১৫২, যা শীর্ষ দুই দলের তুলনায় অনেকটাই পিছিয়ে।

এসআর

সম্পর্কিত খবর