[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

শেষ ম্যাচের আগে ব্রাজিলের লক্ষ্য গ্রুপসেরা হওয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ২:৫৭ পিএম

সংগৃহীত ছবি

হাইতির বিপক্ষে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় তুলে নিয়ে বিশ্বকাপে জয়ের খাতা খুলেছে ব্রাজিল।

তবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরা হওয়ার লড়াইটাও এখনও জমে রয়েছে সেলেসাওদের সামনে।

‘সি’ গ্রুপের দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা বর্তমানে শীর্ষস্থানে রয়েছে।

সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো, আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড।

পরবর্তী পর্বে ওঠার জন্য ব্রাজিলের সামনে সবচেয়ে সহজ সমীকরণ হলো স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট অর্জন করা।

ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত হবে। তবে তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত নয়।

কারণ শেষ ম্যাচে মরক্কোর প্রতিপক্ষ হাইতি, যারা ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

কাগজে-কলমে সেই ম্যাচে মরক্কোকেই এগিয়ে রাখা হচ্ছে। মরক্কো জয় পেলে এবং ব্রাজিল ড্র করলে শীর্ষস্থান হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সেলেসাওদের।

গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে গেলে তুলনামূলক কঠিন পথ পাড়ি দিতে হতে পারে ব্রাজিলকে।

সে ক্ষেত্রে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে জাপান কিংবা নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষা করতে পারে।

এ কারণেই শেষ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করাই ব্রাজিলের প্রধান লক্ষ্য। তবে শুধু জয় পেলেই হবে না, মরক্কোর ফলাফলও প্রভাব ফেলতে পারে গ্রুপের অবস্থানে।

যদি দুই দলের পয়েন্ট, গোল ব্যবধান ও গোলসংখ্যা সমান হয়ে যায়, তাহলে শৃঙ্খলাজনিত রেকর্ডসহ অন্যান্য টাইব্রেকার বিবেচনায় আসতে পারে।

সুসংবাদ হলো, শেষ ম্যাচে দলে ফেরার কথা রয়েছে তারকা ফরোয়ার্ড নেইমারের।

তাই স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এসআর

সম্পর্কিত খবর