[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩

রিয়ালের রাডারে ডর্টমুন্ডের দুই জার্মান তারকা, মুখ খুললেন রুডিগার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ১১:৫০ পিএম

ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজার জমে উঠতে না উঠতেই নতুন গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে স্পেন। বরুসিয়া ডর্টমুন্ডের দুই জার্মান ফুটবলার নিকো শ্লটারবেক ও ফেলিক্স এনমেচাকে ঘিরে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ—এমন খবর বেশ কয়েকদিন ধরেই ঘুরছে ইউরোপীয় গণমাধ্যমে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন রিয়ালের জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।

জার্মান সংবাদমাধ্যম স্কাই জার্মানি-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুডিগার বলেন, ভালো মানের ফুটবলারদের জন্য রিয়াল মাদ্রিদের দরজা সবসময় খোলা। জাতীয় দলের দুই সতীর্থ শ্লটারবেক ও এনমেচা যদি একদিন বার্নাব্যুতে আসেন, তাহলে তিনি ব্যক্তিগতভাবে খুশি হবেন।

রুডিগারের এই মন্তব্যের পর দলবদলের গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ কিংবা বরুসিয়া ডর্টমুন্ড—কোনো পক্ষই সম্ভাব্য কোনো আলোচনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এখন পর্যন্ত ডর্টমুন্ডের ভরসার নাম শ্লটারবেক, গত কয়েক মৌসুমে জার্মান ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডারে পরিণত হয়েছেন নিকো শ্লটারবেক। শক্তিশালী ট্যাকল, আকাশে আধিপত্য এবং পেছন থেকে আক্রমণ গড়ে তোলার দক্ষতার কারণে ইউরোপের বড় বড় ক্লাবের নজরে রয়েছেন তিনি।

চলতি মৌসুমে বুন্দেসলিগায় ডর্টমুন্ডের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন এই সেন্টার-ব্যাক। রক্ষণভাগে দৃঢ়তার পাশাপাশি লম্বা পাস এবং বল নিয়ন্ত্রণেও তিনি নিজেকে আলাদা করে তুলেছেন।

রুডিগারও শ্লটারবেকের প্রশংসা করতে গিয়ে বলেন, “নিকো প্রতিপক্ষের জন্য সবসময়ই কঠিন একজন খেলোয়াড়। বিশেষ করে সেট-পিসে সে খুবই বিপজ্জনক। মাঠে সে আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী এবং সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। রক্ষণ থেকে খেলা গড়ে তোলার ক্ষমতাও তার অসাধারণ।”

অন্যদিকে ফেলিক্স এনমেচা ডর্টমুন্ডের মাঝমাঠে নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বল দখলে রাখা, পাসিং এবং মাঝমাঠের লড়াইয়ে আধিপত্য দেখানোর কারণে জার্মান জাতীয় দলেও নিয়মিত সুযোগ পাচ্ছেন তিনি। বলা যায় মধ্যমাঠের ইঞ্জিন এনমেচা।

চলতি মৌসুমে ডর্টমুন্ডের হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স ইউরোপের কয়েকটি বড় ক্লাবের নজর কেড়েছে। বিশ্বকাপেও জার্মানির জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই মিডফিল্ডার।

বিগত বছরগুলোতে রিয়াল মাদ্রিদ আশানুরূপ ফলাফল করতে পারেনি। নতুন মৌসুম সামনে রেখে রিয়াল মাদ্রিদ স্কোয়াড আরও শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে সম্ভাবনাময় ও অভিজ্ঞ খেলোয়াড়দের দিকে নজর রাখছে লস ব্লাঙ্কোসরা।

গত কয়েক বছরে তরুণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে ঝুঁকেছে ক্লাবটি। জুড বেলিংহ্যাম, আরদা গুলার, এদুয়ার্দো কামাভিঙ্গা কিংবা অরেলিয়েন চুয়ামেনিদের মতো তরুণদের নিয়ে ভবিষ্যতের দল গড়ে তোলার কাজ চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই শ্লটারবেক ও এনমেচার মতো ফুটবলারদের নাম আলোচনায় আসছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

রুডিগারের মন্তব্য অবশ্য দলবদলের নিশ্চয়তা নয়। তবে রিয়ালের মতো ক্লাবের একজন সিনিয়র খেলোয়াড় যখন প্রকাশ্যে দুই সতীর্থকে স্বাগত জানান, তখন গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগও থাকে না।

এখন দেখার বিষয়, গ্রীষ্মকালীন দলবদলের বাকি সময়ে ডর্টমুন্ডের এই দুই জার্মান তারকাকে নিয়ে রিয়াল মাদ্রিদ সত্যিই কোনো পদক্ষেপ নেয় কি না। যদি নেয়, তাহলে বার্নাব্যুতে জার্মান সংযোগ আরও শক্তিশালী হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর