[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩

হাইতি ম্যাচেও নেইমার নেই, বিশ্বকাপে ব্রাজিলের দুশ্চিন্তা বাড়ল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ১১:০৬ পিএম

হাইতি ম্যাচেও নেইমার নেই, অপেক্ষা বাড়ল ব্রাজিল ভক্তদের। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় তারকাকে এখনও মাঠে নামাতে পারছে না ব্রাজিল।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে অনুপস্থিত থাকার পর এবার হাইতির বিপক্ষেও খেলতে পারছেন না নেইমার জুনিয়র। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে দ্বিতীয় ম্যাচ থেকেও বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের মেডিকেল টিম।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় না গিয়ে নিউ জার্সিতেই থেকে যাবেন নেইমার। সেখানে বিশেষ ফিটনেস কর্মসূচি ও পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপ সম্পন্ন করবেন তিনি।

সিবিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, “নেইমার দলের সঙ্গে ফিলাডেলফিয়া যাচ্ছেন না। তার পুনর্বাসন কার্যক্রমের শেষ ধাপগুলো সম্পন্ন করার জন্য তিনি নিউ জার্সিতেই অবস্থান করবেন। ফিটনেস কোচদের তত্ত্বাবধানে তার বিশেষ প্রশিক্ষণ ও রিকভারি সেশন চলবে।”

বিশ্বকাপ শুরুর আগে থেকেই পেশির সমস্যায় ভুগছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলের মেডিকেল বিভাগ শুরু থেকেই তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চায়নি। ফলে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলের ড্রয়ের সময়ও মাঠের বাইরে ছিলেন তিনি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সম্প্রতি দলের সঙ্গে স্বল্প সময়ের অনুশীলনে অংশ নেন নেইমার। উন্মুক্ত অনুশীলনের শুরুতে সতীর্থদের সঙ্গে হালকা শারীরিক অনুশীলন করলেও পরে তাকে আলাদা করে ফিটনেস কোচদের অধীনে বিশেষ রিকভারি সেশনে পাঠানো হয়।

দলের মেডিকেল বিভাগ মনে করছে, এখনই মাঠে নামালে চোট আবারও জটিল আকার নিতে পারে। তাই দীর্ঘমেয়াদি চিন্তা থেকেই তাকে আরও কিছুদিন বিশ্রামে রাখা হচ্ছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করায় কিছুটা চাপে রয়েছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ড প্রথম ম্যাচে হাইতিকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ফলে শেষ ষোলোয় ওঠার পথ সহজ রাখতে হাইতির বিপক্ষে জয় প্রায় অপরিহার্য হয়ে উঠেছে সেলেসাওদের জন্য।

তবে নেইমার না থাকলেও আক্রমণভাগে বিকল্পের অভাব নেই ব্রাজিলের। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, মাতেউস কুনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও এন্ড্রিকদের নিয়ে শক্তিশালী আক্রমণভাগ সাজানোর সুযোগ রয়েছে কোচের হাতে। তবুও দলের সবচেয়ে অভিজ্ঞ ও সৃজনশীল খেলোয়াড়ের অনুপস্থিতি যে ব্রাজিলের জন্য বড় ধাক্কা, তা অস্বীকার করার উপায় নেই।

বিশ্বকাপে ব্রাজিলের সমর্থকদের এখন সবচেয়ে বড় প্রশ্ন—নেইমার কবে ফিরবেন? সিবিএফ এখনও তার ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

সেলেসাও সমর্থকরাও সেই অপেক্ষাতেই আছেন। কারণ, বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেইমারকে ছাড়া ব্রাজিলকে যেন এখনও পুরোপুরি ব্রাজিল মনে হচ্ছে না।

এসআর

সম্পর্কিত খবর