বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া দল।
অনুশীলন শিবিরের আশপাশে একটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেলে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ প্রযুক্তির সহায়তায় ড্রোনটি নিয়ন্ত্রণে এনে নিচে নামানো হয়েছে।
তবে এটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল কিংবা এর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পাশাপাশি নাশকতা বা গোয়েন্দাগিরির কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।
ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিউং বো বলেন, ড্রোনটি তাদের প্রস্তুতি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেছে।
তার ভাষ্য, অনুশীলন শুরুর আগেই আকাশে ড্রোনটি দেখা যায়। এটি দলের কৌশল বা অভ্যন্তরীণ তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছিল কি না, তা নিশ্চিত নয়।
তবে এমন ঘটনা মোটেও সুখকর নয় এবং প্রস্তুতিতে প্রভাব ফেলেছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে এবং দক্ষিণ কোরিয়া চেকিয়াকে পরাজিত করেছে।
ফলে শুক্রবারের মুখোমুখি লড়াইটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ের আগে রহস্যময় ড্রোনের উপস্থিতি নতুন করে আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।
এসআর