[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৭:৩৩ পিএম

অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের দুই মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের শীর্ষ পদে বসেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এবার আনুষ্ঠানিকভাবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে বসেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এর মাধ্যমে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে নতুন অধ্যায় শুরু হলো তার।

রোববার (৭ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রথম ধাপে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন তামিম। এরপর নবনির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। তবে এই পদে তিনি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। সর্বসম্মতিক্রমে তাকে বিসিবির নতুন সভাপতি ঘোষণা করা হয়।

পরিচালক নির্বাচনে তামিমের জয় ছিল দাপুটে। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি ৭৩ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হন। ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটারের মধ্যে ভোট দেন ৭৪ জন।

ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী। নির্বাচনে তামিমের পাশাপাশি পরিচালক নির্বাচিত হয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট), ইশরাফিল খসরু (৭২), মাসুদুজ্জামান (৭০), ফয়সাল ইয়াসির (৬৮), ফাহিম সিনহা (৬৬), শানিয়ান তানিম (৬৬), আসিফ রাব্বানী (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩), ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (৪১) এবং সাকেফ আহমেদ সালাম (৪১)।

অন্যদিকে পরিচালক পদে নির্বাচিত হতে পারেননি সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, মোহাম্মদ আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ। সভাপতি নির্বাচনের পর বোর্ডের নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

এর আগে গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছিলেন তামিম। সেই সময় তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্বও ছিল তার ওপর। নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন করে এবার নিজেই নির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সফল ক্রিকেটার হিসেবে পরিচিত তামিম এবার সরাসরি ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে এলেন। মাঠে দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এখন কাজে লাগাতে হবে বোর্ড পরিচালনায়।

ক্রিকেটার থেকে বিসিবি সভাপতি—তামিমের এই যাত্রা বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করল। এখন তার নেতৃত্বে দেশের ক্রিকেট কোন পথে এগোয়, সেদিকেই থাকবে ক্রিকেটপ্রেমীদের নজর।

 

এসআর

সম্পর্কিত খবর