২০২২ বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও শিরোপা জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। প্রায় চার বছর পেরিয়ে গেলেও সেই হার এখনো তাড়া করে ফেরে ফরাসি তারকাকে। তাই কাতার বিশ্বকাপের সেই স্মরণীয় ফাইনাল আর কখনো দেখেননি বলে জানিয়েছেন তিনি।
২০২২ বিশ্বকাপের ফাইনালকে ইতিহাসের সেরা ফাইনালগুলোর একটি মনে করেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচটি নিয়ে তার ব্যক্তিগত স্মৃতি সুখের নয়। তাই কাতারে আর্জেন্টিনার বিপক্ষে খেলা সেই ফাইনাল আর কখনো দেখেননি বলে জানিয়েছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ম্যাচটি আবার দেখলে হয়তো পুরোনো কষ্ট ফিরে আসবে। সেই কারণেই তিনি এখন পর্যন্ত ফাইনালটি পুনরায় দেখার সাহস করেননি।
২০২২ সালের ডিসেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। নাটকীয়তায় ভরা ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা।
সেই ম্যাচে একাই তিন গোল করেছিলেন এমবাপ্পে। টাইব্রেকারেও নিজের শট থেকে গোল করেন তিনি। কিন্তু তাতেও শিরোপা ধরে রাখতে পারেনি ফ্রান্স। শেষ পর্যন্ত লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করে আর্জেন্টিনা।
ফাইনালটি সম্পর্কে এমবাপ্পে বলেন, “আমার মতে এটি বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল। নাটকীয়তা, উত্তেজনা, ম্যাচের মোড় ঘুরে যাওয়া—সবকিছুই ছিল। এমন ম্যাচ খুব কমই দেখা যায়।”
একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, ম্যাচটি তার জন্য এখনো বেদনাদায়ক স্মৃতি। এমবাপ্পের ভাষায়, “ফাইনালটি এরপর আর কখনো দেখিনি। দেখলে হয়তো পুরোনো কিছু কষ্ট আবার জেগে উঠবে।”
বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার কীর্তি ফুটবল ইতিহাসে খুবই বিরল। এমবাপ্পের আগে শুধু ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ হার্স্ট এই কীর্তি গড়েছিলেন। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি।
সবশেষ দুই বিশ্বকাপ মিলিয়ে এমবাপ্পের পারফরম্যান্সও অসাধারণ। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তিনি মোট ১২ গোল করেছেন, যা এই সময়ে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। এছাড়া গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার সরাসরি অবদান ১৪টি।
এবারের বিশ্বকাপেও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে ফ্রান্স। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। একই গ্রুপে রয়েছে ইরাক ও নরওয়েও।
বিশ্বকাপে ধারাবাহিক সাফল্যের দিক থেকেও সাম্প্রতিক সময়ে অনন্য ফ্রান্স। ১৯৯৮ সালের পর অনুষ্ঠিত সাতটি বিশ্বকাপের মধ্যে চারবার ফাইনালে উঠেছে তারা। ১৯৯৮, ২০০৬, ২০১৮ ও ২০২২—এই চার আসরেই শিরোপার লড়াই পর্যন্ত পৌঁছেছিল ফরাসিরা।
এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠারও সুযোগ রয়েছে তাদের সামনে। এর আগে এমন কীর্তি গড়তে পেরেছে শুধু পশ্চিম জার্মানি ও ব্রাজিল। সেই লক্ষ্য পূরণে আবারও ফ্রান্সের সবচেয়ে বড় ভরসার নাম কিলিয়ান এমবাপ্পে।
এসআর