[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপের আগে ইরাকের বড় ধাক্কা, ইয়াহিয়ার চোটে দলে ম্যাকেঞ্জি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৩:৪৮ পিএম

বিশ্বকাপের ঠিক আগে দুঃসংবাদ পেল ইরাক। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন না দলের মিডফিল্ডার আহমেদ ইয়াহইয়া। তার পরিবর্তে চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন আহমেদ হাসান ম্যাকেঞ্জি।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরাক ফুটবল দল। সেখানে বলা হয়, ইয়াহইয়ার চিকিৎসা প্রতিবেদনের ভিত্তিতে প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড তাকে বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাকেঞ্জিকে।

বিশ্বকাপে অংশ নিতে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পৌঁছেছে ইরাক দল। সেখানে টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করবে তারা।

সম্প্রতি স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন ইয়াহইয়া। তবে সেই ম্যাচের পর তার চোটের বিষয়টি সামনে আসে। চিকিৎসকদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব হবে না তার।

ইরাকের জন্য এবারের বিশ্বকাপ বিশেষ গুরুত্ব বহন করছে। প্রায় ৪০ বছর পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলতে যাচ্ছে দেশটি। এর আগে মাত্র একবার বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা।

বিশ্বকাপের ‘আই’ গ্রুপে ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। কঠিন এই গ্রুপে ভালো ফল করতে হলে শুরু থেকেই নিজেদের সেরা খেলাটা খেলতে হবে ইরাককে।

ইয়াহইয়ার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হলেও ম্যাকেঞ্জির অন্তর্ভুক্তিতে নতুন সম্ভাবনা দেখছে ইরাক। এখন বিশ্বকাপের মঞ্চে সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন তিনি, সেটিই দেখার অপেক্ষা।

 

 

এসআর

সম্পর্কিত খবর