[email protected] শনিবার, ৬ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকায় বসছে ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ জুন ২০২৬ ৯:১৮ পিএম

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ১০ জুন পর্দা উঠছে আইএইচএফ ট্রফির। পাঁচ দিনব্যাপী এই আসরে অংশ নেবে ছয়টি দেশ।

বাংলাদেশে আবারও বসছে আন্তর্জাতিক হ্যান্ডবলের আসর।আগামী ১০ জুন থেকে পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক আইএইচএফ (ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। ছয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের হ্যান্ডবল অঙ্গনে।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান। অনূর্ধ্ব-২০ বিভাগে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুন।

অন্যদিকে অনূর্ধ্ব-১৮ বিভাগের খেলা হবে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে। লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়নের মুকুট পরবে।

তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দিতে এবং বিশ্বব্যাপী হ্যান্ডবলের উন্নয়ন ত্বরান্বিত করতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন এশিয়াকে কয়েকটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত এশিয়ান জোন-২-এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এই আইএইচএফ ট্রফি। এই আসরের চ্যাম্পিয়ন দল পরবর্তীতে এশিয়া মহাদেশের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশে এর আগে তিনবার আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০০০ সালে প্রথমবার ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়ান উইমেন্স জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এরপর ২০১০ সালের দক্ষিণ এশিয়ান গেমসেও হ্যান্ডবল ছিল অন্যতম ডিসিপ্লিন। সর্বশেষ ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল আইএইচএফ উইমেন্স চ্যালেঞ্জ ট্রফি, যেখানে অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

আসন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে প্রায় দুই মাস ধরে নিবিড় প্রস্তুতি নিয়েছে স্বাগতিক বাংলাদেশ দল। অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক রাতুল উদ্দিন বলেন, “আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বে ভালো করতে হবে। তাই প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।”

অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক আসাদুল্লাহ আদিবও আত্মবিশ্বাসী। তিনি বলেন, “গত দুই মাস আমরা নিয়মিত অনুশীলন করেছি। জাতীয় দল, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও ঢাকা দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছি। ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি। ঘরের মাঠে খেলছি, তাই সেরাটা দিয়ে দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়েই নামব।”

টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ, স্পনসর প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, অনূর্ধ্ব-১৮ দলের ম্যানেজার কামরুল ইসলাম, অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার মোহাম্মদ সেলিম মিয়া এবং টুর্নামেন্ট কো-অর্ডিনেটর রাশিদা আফজালুন নেসা।

আয়োজকদের প্রত্যাশা, অংশগ্রহণকারী দলগুলোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে এবারের আইএইচএফ ট্রফি বাংলাদেশের হ্যান্ডবল ইতিহাসে অন্যতম সফল আন্তর্জাতিক আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এসআর

সম্পর্কিত খবর