সাদা বলের দুটি ভিন্ন ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার (৫
জুন) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজি দলটি অবতরণ করে। এই সফরে দুই দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। সফরকারী দলে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের মতো সিনিয়র তারকা পেসাররা না থাকলেও শক্তিশালী এই অজি স্কোয়াডকে মোকাবিলা করা স্বাগতিকদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।
আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। শনিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প।
আগামী ৯ জুন মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। এরপর ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে পাড়ি জমাবে, যেখানে ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডারউইশ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
এসআর