[email protected] বৃহঃস্পতিবার, ৪ জুন ২০২৬
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোপালগঞ্জ একাডেমির জন্য বিশেষ কমিটি

কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৪ জুন ২০২৬ ২:৩৬ এএম

বাংলাদেশের কাবাডির উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। পাশাপাশি গোপালগঞ্জে কাবাডি একাডেমি পরিচালনায় গঠন করা হয়েছে বিশেষ কমিটি।

বুধবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিগত সভার কার্যবিবরণী, ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় ক্রীড়াপঞ্জি এবং প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনা শেষে কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন করে।

ফেডারেশন সূত্রে জানা গেছে, অনুমোদিত বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য। এ লক্ষ্যে চলতি বছরে পাকিস্তান, চাইনিজ তাইপে এবং নেপালের বিপক্ষে পুরুষ ও নারী উভয় বিভাগের একাধিক হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানান, পরিস্থিতির প্রয়োজনে সময়সূচি বা প্রতিপক্ষের কিছু পরিবর্তন হতে পারে। তবে চলতি বছরে আন্তর্জাতিক টেস্ট সিরিজ আয়োজনের ব্যাপারে ফেডারেশন দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া ঘরোয়া প্রতিযোগিতা, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমও এই বাজেটের আওতায় পরিচালিত হবে।

সভায় ৩য় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫-এর অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা বিভাগে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের ঘোষিত ১০ লাখ টাকার বিশেষ সম্মানি ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। ফেডারেশনের সভাপতি নিজ হাতে খেলোয়াড়দের মাঝে এ সম্মাননা তুলে দেন।

কাবাডিকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম চালু করার লক্ষ্যে গোপালগঞ্জে একটি কাবাডি একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। একাডেমির সার্বিক কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। কমিটি একাডেমির কার্যক্রম তদারকি, মাঠ পরিদর্শন এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এছাড়া কাবাডির অবকাঠামোগত উন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে শিগগিরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে একটি বিশেষ বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হবে।

সভায় ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির কাবাডি ফেডারেশনের সাম্প্রতিক কার্যক্রম এবং আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের কাবাডিকে আরও উচ্চতায় নিয়ে যেতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ কাবাডির সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রেক্ষাপটে ফেডারেশনের এই বাজেট অনুমোদন ও একাডেমি গঠনের উদ্যোগকে খেলাটির দীর্ঘমেয়াদি উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় খেলা কাবাডিকে আধুনিক ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে ফেডারেশনের এই উদ্যোগ কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে কাবাডির জন্য একটি শক্ত ভিত নির্মাণের বার্তা স্পষ্টভাবেই উঠে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর