[email protected] বুধবার, ৩ জুন ২০২৬
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ জুন ২০২৬ ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি

দুর্দান্ত লড়াইয়ের ম্যাচে নেপালকে ২-১ গোলে পরাজিত করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠল লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের গোয়ার মারগাঁওয়ে অনুষ্ঠিত সেমিফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। ম্যাচের ২৩তম মিনিটে কর্নার থেকে আসা বলে গীতা রানা গোল করে দলকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ার পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক কর্নার কিক থেকে সরাসরি গোল করে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। তার অসাধারণ এই গোল বাংলাদেশকে নতুন করে ম্যাচে ফেরার আত্মবিশ্বাস এনে দেয়। বিরতিতে দুই দল ১-১ সমতায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধে নেপাল কয়েকটি বিপজ্জনক আক্রমণ চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মিলির দৃঢ়তায় গোলের দেখা পায়নি। অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। যোগ করা সময়ের শেষ দিকে সাগরিকা প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তার এই গোলই নিশ্চিত করে দলের ফাইনালের টিকিট।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশের খেলোয়াড়রা। টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আরেকটি শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলেছে বাংলাদেশের মেয়েরা।

এসআর

সম্পর্কিত খবর