সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দিন দুয়েক পরই আবারও নতুন চোটের কবলে পড়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিল তারকার ডান পায়ের কাফে হালকা চোট
ও মাঝারি মাত্রার ফোলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তার ক্লাব সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব। চোটের কারণে আগামী কয়েক দিন স্বাভাবিক অনুশীলন করতে পারবেন না তিনি এবং অন্তত পাঁচ থেকে দশ দিন তাকে বাড়তি সতর্কতায় থাকতে হবে।
তবে পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন চললে আগামী সপ্তাহে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো অবস্থায় থাকবেন তিনি। ইতোমধ্যেই সান্তোস এফসি মেনে নিয়েছে যে সামনের কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না এবং কোপা লিবার্তাদোরেসে সান লরেঞ্জোর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও তিনি খেলেননি।
ক্লাব এখন জাতীয় দলে ছাড়ার আগে তার পূর্ণ ফিটনেস ফেরানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, মেডিকেল রিপোর্ট দেখার পর এবং খেলোয়াড়ের সঙ্গে সরাসরি কথা বলেই নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ আনচেলত্তি।
ব্রাজিল শিবিরে এই চোটকে গুরুতর মনে করা না হলেও দ্রুত সুস্থ হয়ে ওঠার সময়সীমাকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখা হচ্ছে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল, যার আগে সময়ের সঙ্গে লড়াই করেই পুরো ফিট হয়ে ফিরতে হবে নেইমারকে।
এসআর