[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ সামনে, যুক্তরাষ্ট্র-কানাডার ভিসা প্রক্রিয়ায় ইরান দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ৬:০৭ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর অল্প সময় বাকি থাকলেও এখনো যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা হাতে পায়নি ইরান জাতীয় ফুটবল দলের সদস্যরা।

তবে বৃহস্পতিবার দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ভিসার আবেদন করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।


খবরে বলা হয়েছে, পুরো দল কানাডার ভিসার জন্য আবেদন করছে। পাশাপাশি কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনও সম্পন্ন করছেন। এ লক্ষ্যে তুরস্কে অবস্থিত কানাডিয়ান দূতাবাসে প্রয়োজনীয় কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয় ইরান ফুটবল ফেডারেশন।


বিশ্বকাপকে ঘিরে প্রস্তুতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক উত্তেজনাও আলোচনায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়লেও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর মধ্যেও ফিফা জানিয়েছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং ইরান দল অংশগ্রহণে কোনো বাধার মুখে পড়বে না।


সম্প্রতি তুরস্কে ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম–এর সঙ্গে বৈঠক করেন ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। বৈঠক শেষে উভয় পক্ষ ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানায়। ইরানের প্রধান কোচ আমির ঘালেনোয়ি বলেন, তুরস্কে অবস্থানকালেই খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের কাজ শেষ করা হবে।


ইরান আগেই বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছিল। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে দলটির ম্যাচ আয়োজন ও যাতায়াত নিয়ে আলোচনা তৈরি হয়। ইরান চেয়েছিল ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা বা মেক্সিকোতে আয়োজন করা হোক। যদিও ফিফা জানিয়েছে, সূচিতে পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সাধারণ খেলোয়াড়দের অংশগ্রহণে সমস্যা নেই। তবে নিরাপত্তা বিবেচনায় কিছু ব্যক্তির বিষয়ে আলাদা সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। পরে একই গ্রুপে বেলজিয়াম ও মিশরের বিপক্ষেও খেলবে দলটি।


মূল আসরের আগে তুরস্কে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। এর অংশ হিসেবে গাম্বিয়ার পর আগামী ৪ জুন মালির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে বিশ্বকাপ চলাকালে দলটির বেস ক্যাম্প হবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে।

এসআর

সম্পর্কিত খবর