২০২৬ সাল এখনো শেষ হয়নি।
এরই মধ্যে আগামী বছর পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে মুসলিমদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘জর্ডান নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি অনুযায়ী আগামী বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার-সংক্রান্ত তথ্য এবং জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি শনিবার শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদ দেখার সম্ভাবনা যাচাই করা হবে।
তবে হিসাব অনুযায়ী শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রোববার শাবান মাস শেষ হয়ে ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হতে পারে।
এদিকে রমজান মাস কত দিনের হবে এবং ঈদুল ফিতর কবে হতে পারে, সে সম্পর্কেও সম্ভাব্য হিসাব দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সে হিসাবে ৮ মার্চ সোমবার রমজানের শেষ দিন এবং পরদিন ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। হিজরি বর্ষপঞ্জির মাসগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সঙ্গে বাস্তব চাঁদ দেখার তথ্যের পার্থক্য হতে পারে।
তাই সংশ্লিষ্ট দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার পরই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বাংলাদেশে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন রমজান বা ঈদ শুরু হয়ে থাকে।
ফলে বাংলাদেশে ২০২৭ সালের রমজান ও ঈদের তারিখ নির্ধারণের ক্ষেত্রেও স্থানীয়ভাবে চাঁদ দেখার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
তথ্যসূত্র: জর্ডান নিউজ
এসআর