চলতি হজ ব্যবস্থাপনায় ব্যয় কমানোর ফলে এ বছর হজযাত্রীরা সম্মিলিতভাবে তিন কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি জানান, ২০২৬ সালের হজে প্যাকেজ–১ এর আওতায় মক্কা ও মদিনায় হোটেল ভাড়া উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে, যা গড়ে প্রায় এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত কমেছে। পাশাপাশি, হজযাত্রী প্রতি পরিবহন ব্যয়ও প্রায় ১০০ সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে। এর ফলে প্যাকেজ–১ ও প্যাকেজ–২ এর হাজিরা হজ শেষে উল্লেখযোগ্য অঙ্কের টাকা ফেরত পাবেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। ব্রিফিংয়ের বিষয় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম।
ধর্ম উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের জন্য যৌক্তিক ব্যয়ে হজ পালন নিশ্চিত করাই ছিল সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে আগের দুই বছরে বিমানভাড়া ধাপে ধাপে কমানো হয়েছে। ২০২৫ সালে প্রায় ২৭ হাজার টাকা এবং চলতি বছরে আরও প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়। সব মিলিয়ে দুই বছরে বিমান ভাড়ায় প্রায় ৪০ হাজার টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হজ ব্যবস্থাপনার উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও জানান, প্যাকেজ–৩ এর ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে সফল আলোচনার মাধ্যমে হজযাত্রী প্রতি প্রায় ৬০০ সৌদি রিয়াল ব্যয় কমানো হয়েছে। সাশ্রয়কৃত অর্থ ব্যবহার করে হাজিদের আবাসন হারাম শরিফের কাছাকাছি আনা সম্ভব হয়েছে, ফলে যাতায়াতের ভোগান্তি কমেছে এবং নিয়মিত জামাতে নামাজ আদায় সহজ হয়েছে।
ড. খালিদ হোসেন বলেন, গত দেড় বছরে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে। মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোকে আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার ইতিবাচক ফল ইতোমধ্যে দেখা যাচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, শূন্য পদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাজনিত জটিলতার কারণে আরও ১৯৭ জনের নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি, তবে মামলা নিষ্পত্তি হলে দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবে। এছাড়া, বিভিন্ন গ্রেডে পদোন্নতিও দেওয়া হয়েছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান ধর্ম উপদেষ্টা।
এসআর
মন্তব্য করুন: