হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদ দেখার প্রস্তুতি চলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
রোববার (১৮ জানুয়ারি) ওই অঞ্চলে রজব মাসের ২৯তম দিন হওয়ায় আজ সন্ধ্যায় শাবানের চাঁদ অনুসন্ধান করা হবে। শাবান মাসের ১৫তম রাতেই পালিত হয় মুসলমানদের অন্যতম ধর্মীয় রাত শবেবরাত।
তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের হিসাব অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোনো দেশেই শাবানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, এ কারণে রজব মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং শাবান মাস শুরু হতে পারে আগামী মঙ্গলবার থেকে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানিয়েছেন, আজ চাঁদের জন্ম হলেও তা সূর্যাস্তের আগেই অস্ত যাবে। ফলে আজ খালি চোখে কিংবা টেলিস্কোপে চাঁদ দেখার সুযোগ নেই। তবে সোমবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তার মতে, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়ায় সোমবার টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যেতে পারে।
এই হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৩ ফেব্রুয়ারি রাতে শবেবরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে যদি সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তাহলে একই রাতে শবেবরাত পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে দেশে শবেবরাত অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি রাতে।
এসআর
মন্তব্য করুন: