প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম উচ্চারণে বিভ্রান্তির বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মুফতি আমির হামজা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকোর নাম উপস্থাপন করতে গিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কথা বলেন যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
ফেসবুকে দেওয়া ব্যাখ্যায় আমির হামজা জানান, ঘটনাটি সম্ভবত ২০১৯ কিংবা ২০২৩ সালের কোনো এক সময়ে চট্টগ্রামের একটি তাফসির মাহফিলে ঘটেছিল।
নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে তিনি অনিচ্ছাকৃতভাবে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে ফেলেন। তবে তখনই তিনি ভুলটি সংশোধন করে তা স্বীকার করেছিলেন বলে উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, মানুষ মাত্রই ভুল করতে পারে এবং ভুল হলে তা স্বীকার করাই উচিত। বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। দীর্ঘ সময় ধরে বক্তব্য দেওয়ার সময় এ ধরনের এক-দুটি ‘স্লিপ অব টাং’ ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এর আগেও এ বিষয়ে প্রশ্ন উঠলে তিনি লাইভে এসে একই ব্যাখ্যা দিয়েছিলেন বলে জানান।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে লিখিত বিবৃতি দেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়া অত্যন্ত অশোভন এবং একজন ইসলামি বক্তার কাছ থেকে এমন ভাষা প্রত্যাশিত নয়।
একই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
পাশাপাশি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: