[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সরকারের বড় নিয়োগ পরিকল্পনা: আসছে পাঁচ লাখ চাকরির সুযোগ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ৩:০২ পিএম

সংগৃহীত ছবি

সরকারি খাতে বড় পরিসরে জনবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানিয়েছেন, মোট পাঁচ লাখ কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় শূন্য পদ পূরণে ইতোমধ্যে ২৮৭৯ জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশের শহর ও গ্রাম এলাকায় খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নে একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা জমিতে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা হবে।
এছাড়া হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশে পেপালের কার্যক্রম চালু করতে একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
ক্রীড়াবিদদের জন্য নতুন ভাতা চালুর কথাও উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ ভাতা পেয়েছেন।
এদিকে বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা এনে ভাষা শিক্ষার ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভিসার আগেই প্রয়োজনীয় যোগ্যতার সনদের ভিত্তিতে ঋণ পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর