প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে দেশের জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের চতুর্দশ দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য নিশ্চিত
করেন। প্রাথমিক পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হবে।
আগামী জুন ২০২৬-এর মধ্যে পানিসম্পদ, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ১২০৪ কিমি খাল খনন করা হবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আরও ১৫০০ কিমি খাল সংস্কার হবে। সরকারের লক্ষ্য আগামী ৫ বছরে মোট ২০,০০০ কিমি খাল ও নদী খনন করা।
পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। চলতি বর্ষা মৌসুমে রোপণের জন্য এরই মধ্যে ১ কোটি ৫০ লাখ চারা প্রস্তুত করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদ্রাসায় ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা চালু করা হবে।
জাপানে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।
জাতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতার আওতায় ৫০০ জনকে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ভাতা পাচ্ছেন।
প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা আয়তনের খেলার মাঠ তৈরির কাজ চলছে।
দেশে ‘পেপাল’ (PayPal) কার্যক্রম চালু করতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সারাদেশে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্তের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বর্তমানে ২,৮৭৯ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল সেবাকে তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
এসআর