আজ ৯ নভেম্বর, সোমবার বিশ্ব এতিম শিশু দিবস।
বিশ্বজুড়ে এতিম ও অসহায় শিশুদের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই দিবসটির অন্যতম উদ্দেশ্য। শিশুদের শিক্ষা, চিকিৎসা, পুষ্টি ও বাসস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় পোশাক, বই-খাতা ও শিক্ষা উপকরণ সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ জীবন ও কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে কারিগরি শিক্ষা, ভাষা শেখা এবং আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জনের সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশে এতিম শিশুদের কল্যাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এতিম ও অসহায় মানুষের দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি অনাথ ও এতিম শিশুদের জন্য সহায়তার পরিধিও বাড়ানো হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
এদিকে দেশের বেসরকারি এতিমখানায় থাকা শিশুদের খাবার ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের জন্য ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তিতে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ শিশুর জন্য এ অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ব এতিম শিশু দিবস উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এফ/ডি