দৈনন্দিন খাদ্যতালিকায় নিয়মিত অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা পানীয় গ্রহণ করলে তা কেবল
ওজন বৃদ্ধি বা দাঁতের সমস্যাতেই সীমাবদ্ধ থাকে না, বরং শরীরে দীর্ঘস্থায়ী ও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। যদিও চিনির সঙ্গে ক্যান্সারের সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে অতিরিক্ত চিনি ও স্থূলতার পরোক্ষ সংযোগ ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
সচেতনতা বাড়াতে এই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলো নিচে তুলে ধরা হলো:
স্থূলতা ও ক্যান্সারের সংযোগ: অতিরিক্ত চিনি শরীরে অতিরিক্ত ক্যালোরি ও চর্বি জমায়, যার ফলে স্থূলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ওজন অন্তত ১৩ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ায়; যার মধ্যে রয়েছে স্তন (মেনোপজের পর), কোলোরেক্টাল, অগ্ন্যাশয়, যকৃত, কিডনি ও এন্ডোমেট্রিয়াল ক্যানসার।
শারীরিক প্রদাহ ও হরমোন পরিবর্তন: শরীরে অতিরিক্ত চর্বি দীর্ঘস্থায়ী ও মৃদু প্রদাহ সৃষ্টি করে। এছাড়া এটি ইনসুলিন এবং নির্দিষ্ট কিছু যৌন হরমোনের মাত্রাকে প্রভাবিত করে, যা অস্বাভাবিক কোষের বৃদ্ধিতে সহায়তা করে।
মিথ্যা ধারণা বর্জন: খাদ্যতালিকা থেকে পুরোপুরি শর্করা বা চিনি বাদ দিলেই ক্যান্সার কোষ অনাহারে মারা যাবে বা টিউমার ছোট হয়ে যাবে—এমন ধারণা সঠিক নয়। খাদ্যতালিকা থেকে চিনি বাদ দেওয়া ক্যানসার চিকিৎসার কোনো সঠিক পদ্ধতি নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরামর্শ: সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের মোট ক্যালোরি গ্রহণের ১০ শতাংশের বেশি ‘মুক্ত চিনি’ খাওয়া উচিত নয়, তবে ৫ শতাংশ বা তার কম গ্রহণ করা শরীরের জন্য আরও বেশি উপকারী।
দীর্ঘমেয়াদি সুস্থতা বজায় রাখতে প্রক্রিয়াজাত খাবার ও মিষ্টি পানীয়ের পরিবর্তে আঁশযুক্ত খাবার, ফলমূল খাওয়া এবং পরিমিত জীবনযাপন ও নিয়মিত ব্যায়াম করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
এইচ/এম