ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত অন্যতম বৃহৎ ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে
একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে ক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে গ্যাসক্ষেত্রের সব ধরনের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সেখানে কর্মরত কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ঘটে যাওয়া এই ঘটনায় প্রাথমিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি। তবে কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে জানিয়েছে, এই হামলার কারণে অঞ্চলটিতে প্রায় ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।
এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, খোর মোর গ্যাসক্ষেত্রটি যৌথভাবে পরিচালনা করে ‘ডানা গ্যাস’। এর আগেও নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে গত জুলাইয়ে এই স্থাপনাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
এইচ/এম