[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ৯:৫২ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলমান সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আব্দুল

 আল-সায়েদ। মিশিগান থেকে প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সের চেয়ে ৩ লাখেরও বেশি ভোটের ব্যবধানে এই বিশাল জয় লাভ করেন তিনি। নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পসহ প্রতিপক্ষের নানা ধর্মীয় বিদ্বেষ ও ‘জিহাদী’ প্রোপাগান্ডা পেরিয়ে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন তিনি।

​বিশাল জয়ের এই মুহূর্তটি তিনি উদ্‌যাপন করেন তাঁর স্ত্রী ডাক্তার সারাহ জুকা কুর সঙ্গে। আল-সায়েদের শিকড় মিসরে, আর তাঁর স্ত্রী সারাহর শিকড় ভারতে। আল-সায়েদের জয়ের পর তাঁর একটি পডকাস্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি তাঁর বিয়ে নিয়ে পরিবারের একটি মজার স্মৃতিচারণ করেছেন।

​ভিডিওতে আল-সায়েদ জানান, তিনি সারাহকে বিয়ে করার পর মিসর থেকে তাঁর এক চাচা এসে তাঁকে বলেছিলেন, ‘৮ কোটি মিসরীয় থাকতে তুমি কি না এক ভারতীয় নারীকে বিয়ে করলে?’ জবাবে আল-সায়েদ মজা করে চাচাকে বলেছিলেন, ‘আমু (চাচা), ওনাদের জনসংখ্যা ১০০ কোটি। তাই পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে এর সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল।’

​এক্স-এ ছড়িয়ে পড়া এই ক্লিপটি চলতি বছরের আগস্টে ইউটিউবে আপলোড করা ‘মিট দ্য রিয়েল আব্দুল আল-সায়েদ’ পডকাস্টের অংশ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম বর্ষে বাগ্‌দান সম্পন্ন করা এই দম্পতি ২০০৬ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। দুই দশকের বৈবাহিক জীবনের পর আল-সায়েদ রসিকতা করে একবার বলেছিলেন, তিনি হয়তো ‘যতটা না আরব, তারচেয়ে বেশি ভারতীয়’ হয়ে গেছেন।

​সারাহর পরিবার মূলত ভারতের কর্ণাটকের উপকূলীয় শহর ভাটকলের। তাঁর দাদা জুকা কু শামসুদ্দিন মহীশূর রাজ্যে অর্থ উপমন্ত্রী ও ভাটকলের প্রথম আইনজীবী ছিলেন। তাঁর বাবা ডা. তায়েব জুকা কু একজন কিডনি বিশেষজ্ঞ। অন্যদিকে, আল-সায়েদের বাবা মোহামেদ আল-সায়েদ ১৯৭০-এর দশকে মিসরের আলেকজান্দ্রিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর পরিবারের একটি বড় অংশ এখনো মিসরেই বসবাস করেন।

এইচ/এম

সম্পর্কিত খবর