তেল ও গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
গুতেরেস বলেন, এ করের অর্থ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনরুদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হবে। জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো বিপুল মুনাফা করলেও জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলো প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে।’
সম্মেলনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর: জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের তাগিদ দিয়ে গুতেরেস ২০৩৫ সালের মধ্যে এর উৎপাদন সক্ষমতা অন্তত তিন গুণ করার আহ্বান জানান। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও তেল-গ্যাসের ব্যবহার কমানো এবং নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামো নির্মাণ বন্ধের ওপর জোর দেন।
জীবাশ্ম জ্বালানি শিল্পের লবিংয়ের সমালোচনা: জীবাশ্ম জ্বালানি খাতের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লবিং জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলে কঠোর সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে রসিকতা করে বলেন, “ডাইনোসরদের কোনো লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির রয়েছে।”
উষ্ণতা সীমিত রাখার লক্ষ্য: বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য ধরে রাখতে কার্বন নিঃসরণ কমাতে দেশগুলোকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা: বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি জানান, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো শুধু পরিবেশ সুরক্ষা নয়, বরং অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার সঙ্গেও জড়িত।
জলবায়ু অর্থায়ন: উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর ওপর জোর দেন গুতেরেস।
এইচ/এম