জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে আজ বুধবার ব্যস্ত
সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের মূল কর্মসূচির পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, চীনের ভাইস প্রেসিডেন্ট ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী:
উদ্বোধনী অধিবেশন ও ফটোসেশন: দুপুর ১২টা ১৫ মিনিটে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগে বিশ্বনেতাদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেবেন তিনি।
উচ্চপর্যায়ের অধিবেশন: দুপুর ২টা থেকে সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সম্মেলনস্থলের ‘বিআর-১২’ কক্ষে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: বিকাল ৪টায় সম্মেলনস্থলের ‘বিআর-০৩’ কক্ষে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
বিশেষ গোলটেবিল বৈঠক: বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শূন্য বর্জ্য (Zero Waste), সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্কের ফার্স্ট লেডির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
নৈশভোজ: দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সম্মেলনের ‘গ্রিন জোনে’ তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী।
এইচ/এম