সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক অসৌজন্যমূলক আচরণের ঘটনায় চিত্রনায়িকা পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হিরো আলম।
নিজের পরিচিতি ও জনপ্রিয়তা অর্জনে গণমাধ্যমের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সংবাদমাধ্যমের সহযোগিতা না থাকলে আজকের অবস্থানে আসা তার জন্য কঠিন হতো। গণমাধ্যমের কারণেই সাধারণ মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন।
পরীমনির সাম্প্রতিক আচরণের প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন, চলচ্চিত্র ও বিনোদন জগতের পরিচিত ব্যক্তিদের সাংবাদিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করা প্রয়োজন। পরীমনির মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর পক্ষ থেকে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগ অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অযথা বিতর্ক দীর্ঘ না করে এর সমাধান হওয়া উচিত। পরীমনির প্রতি তার অনুরোধ, সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে বিষয়টির ইতি টানুন। এতে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধও কমে আসবে।
এর আগে আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
এফ/ডি