বলিউড অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সুসম্পর্ক নিয়ে
ভক্তদের কৌতুহলের জবাব মিললো জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এর সাম্প্রতিক এক পর্বে। এই বিশেষ পর্বে সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খানের পাঠানো একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়, যেখানে তিনি সৎমা কারিনা কাপুর খানের প্রশংসা করার পাশাপাশি বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ভিডিও বার্তায় ইব্রাহিম তাঁর বাবা সাইফকে নিজের হিরো হিসেবে উল্লেখ করেন। জীবনের নানা শারীরিক অসুস্থতা ও প্রতিকূলতার কথা তুলে ধরে ইব্রাহিম জানান, সব কঠিন পরিস্থিতি পেরিয়ে শক্তভাবে টিকে থাকার কারণেই বাবা তাঁর কাছে প্রকৃত আদর্শ। এরপরই কারিনা কাপুরের উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, কারিনা বিশ্বজুড়ে তাঁর চেনা সবচেয়ে 'কুল' সৎমা, যিনি সবসময় তাঁদের পাশে দাঁড়িয়েছেন।
শো-তে পারিবারিক এই চমৎকার বন্ধন ও সমন্বয় নিয়ে কথা বলেন সাইফ-কারিনা দম্পতিও। সাইফ আলি খান তাঁর প্রথম পক্ষের সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গে কারিনার সুসম্পর্কের পুরোটাই স্ত্রীর আন্তরিকতার অবদান বলে মনে করেন।
অন্যদিকে কারিনা কাপুর খান জানান, তাঁদের ছোট দুই সন্তান তৈমুর ও জেহ বড় ভাই ইব্রাহিমকে দারুণ পছন্দ করে এবং সব বিষয়ে তাকে অনুসরণ করার চেষ্টা করে। ইব্রাহিমও তাঁর ছোট ভাইদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন।
এইচ/এম