টালিউড অভিনেতা-পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর মধ্যকার দীর্ঘদিনের
ব্যক্তিগত টানাপোড়েন ও মান-অভিমানের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ ১১ বছরের বিরতি কাটিয়ে আবারও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। এর আগে ২০১৫ সালে 'কাটমুণ্ডু' সিনেমায় শেষবার রাজের পরিচালনায় কাজ করেছিলেন মিমি। তাদের জুটিবদ্ধ 'বোঝে না সে বোঝে না', 'প্রলয়' কিংবা 'যোদ্ধা'-র মতো বাণিজ্যিক সফল সিনেমাগুলো একসময় দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিল।
সম্প্রতি রাজের নতুন প্রযোজনা সংস্থা 'রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স'-এর ব্যানারে একটি ওটিটি (OTT) সিনেমার প্রস্তাব মিমিকে দেওয়া হলে তিনি তাতে ইতিবাচক সায় দিয়েছেন। পরিচালক অয়ন চক্রবর্তীর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমাটির গল্প ও নিজের চরিত্র পছন্দ হওয়ায় মিমি কাজটি করতে রাজি হয়েছেন। চলতি মাসের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দেব-শুভশ্রীর মতো রাজ-মিমির এই পুনর্মিলনী টালিউডসহ দুই বাংলার বিনোদনপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
এসআর