[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিল মাউশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৩:৫৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রকর্ম প্রদর্শনী বা আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা উৎসাহিত করা এবং তাদের ভেতরে থাকা প্রতিভা বিকাশের উদ্দেশ্যে ‘আর্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ কার্যক্রম বাস্তবায়নে অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

রোববার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের উদ্যোগে ‘আর্ট বাংলাদেশ’ নামের এ আয়োজন পরিচালিত হবে।

 

মাউশির চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে চিত্রাঙ্কন এবং শিল্পকর্ম প্রদর্শনী গুরুত্বপূর্ণ সহশিক্ষা কার্যক্রম হিসেবে ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ পাবে।

 

তবে আয়োজনটি পরিচালনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে। সে অনুযায়ী, কার্যক্রমের অগ্রগতি ও আয়োজনসংক্রান্ত জেলাভিত্তিক প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালকের কাছে জমা দিতে হবে। প্রতিবেদনটি মাউশির শারীরিক শিক্ষা বিভাগে দাখিল করতে হবে।

 

এদিকে, চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র এবং কর্মসূচি পরিচালনার বিস্তারিত নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি উদ্যোগটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর