পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
‘আধুনিক যুবসমাজ ও মহানবী (সা.)-এর নির্দেশনা’ শিরোনামে আয়োজিত প্রতিযোগিতাটি দুটি শ্রেণিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়। প্রতিযোগীদের লেখা মূল্যায়নের পর দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ছয়জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব আশরাফ উদ্দীন খান।
এ ছাড়া অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহিম উল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী নওশীন শারমিলি নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা থাকলেও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই আয়োজন তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার পাশাপাশি তা ব্যক্তিজীবনে চর্চা এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন এবং আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আল-কোরআন মুসলমানদের অন্যতম প্রধান সম্পদ। শুধু সম্মান প্রদর্শন নয়, নিয়মিত তিলাওয়াত, অর্থ অনুধাবন এবং দৈনন্দিন জীবনে এর নির্দেশনা বাস্তবায়ন করা জরুরি।
তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস ও সুন্নাহ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। একইভাবে রাসুলের জীবনচরিত ও আদর্শ অনুসরণ করাও প্রত্যেক মুসলমানের কর্তব্য।
অধ্যাপক ওয়ালী উল্লাহ বলেন, সিরাতুন্নবী বা মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য অনুসরণীয় শিক্ষা বহন করে। তাই তাঁর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করা প্রয়োজন। অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
এফ/ডি